Empress desk
;
Empress desk
Update : Thursday 19th February 2026, 02:04 pm
Online Edition
ছবি সংগৃহীত
পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজান শুরু হচ্ছে। এর আগের রাতেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবিহ নামাজ আদায় করবেন এবং ভোরে সেহরি গ্রহণের মাধ্যমে রোজা পালন শুরু করবেন।
মহাসচিব বলেন, রমজান মাস তাকওয়া, সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। এ মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, বাজারে নিয়মিত তদারকি নিশ্চিত করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।
তিনি আরও বলেন, গরিব ও মধ্যবিত্ত মানুষের কষ্ট লাঘবে জরুরি পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি অসাধু মজুতদার ও কালোবাজারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানান তিনি।
ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, রমজান মাসকে অতিরিক্ত মুনাফা অর্জনের সুযোগ হিসেবে না দেখে মানবিকতা ও দায়িত্ববোধের সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা উচিত। রোজাদার মানুষের কষ্ট লাঘবে সহযোগিতার মনোভাব প্রদর্শন করাই ইসলামের শিক্ষা।
এছাড়া রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, অশ্লীলতা ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এ বিষয়ে প্রশাসনকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের ইবাদত-বন্দেগিতে অধিক মনোযোগী হওয়া, আত্মশুদ্ধি অর্জন এবং সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান মহাসচিব।
এ বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় প্রতি বছরই দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান জানানো হয় এবং এবারও সেই আহ্বান অব্যাহত রয়েছে।