নবদেশ ডেস্ক
;
নবদেশ ডেস্ক
Update : Monday 23rd February 2026, 10:52 am
Online Edition
ছবি সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে তাদের কার্যালয় খোলার উদ্যোগ নিচ্ছে—এমন অভিযোগ তুলে প্রশ্ন তুলেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানতে চেয়েছেন, প্রতিশ্রুত সংস্কার কার্যক্রম ও জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার আদৌ হবে কি না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে হাসনাত আবদুল্লাহকে ট্যাগ করে দেওয়া এক পোস্টে এ প্রসঙ্গ তোলেন তিনি। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।”
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। পরবর্তীতে ৮ আগস্ট একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।
অন্তর্বর্তী সরকারের অধীনে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন জোট। ওই নির্বাচনে হাসনাত আবদুল্লাহ কুমিল্লা থেকে জয়ী হন। অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।